আওয়ামী লীগ ব্যাক করছে দ্যাখো নাই? শিরোনামে দেওয়া প্রথম পোস্টের কয়েক ঘণ্টা পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পোস্ট দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া মাহফুজ আলম।
মঙ্গলবার (১৯ মে) রাত প্রায় ১২টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ একটি পোস্ট দেন, যা ঘিরে ফেসবুকে ব্যাপক আলোচনা ও তোলপাড় সৃষ্টি হয়।
পোস্টে মাহফুজ আলম বলেন, সকল নিপীড়নের বিরুদ্ধে নিপীড়িতের পক্ষে থাকা, দল-মত-ধর্ম নির্বিশেষে নাগরিকদের মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়া এবং উগ্রবাদ ও অন্তর্ঘাতমূলক রাজনীতি প্রতিরোধ করাই বর্তমান সময়ের প্রধান কাজ।
তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের বিচারের দাবি জোরালো রাখা, রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নে সরকারকে চাপ দেওয়া, এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বিভাজনের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলা জরুরি।
পোস্টে তিনি অভিযোগ করেন, একটি পক্ষ জুলাই আন্দোলনের বয়ানকে দুর্বল করার চেষ্টা করছে এবং সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ব্যাখ্যাকে বিকৃতভাবে উপস্থাপন করছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বাস্থ্যখাতের বিশৃঙ্খলা এবং অর্থনৈতিক সংকট মোকাবিলায় সমন্বিত নাগরিক আন্দোলন প্রয়োজন।
পোস্টের শেষাংশে তিনি বিভিন্ন রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর সমালোচনা করে বলেন, একটি সংগঠিত মহল বিভাজন তৈরি করার চেষ্টা করছে, তবে নাগরিকদের ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখতে হবে।
তার এই ধারাবাহিক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যাখ্যা ও আলোচনা চলছে।
অনলাইন ডেস্ক 

























