পর্তুগাল ট্রেন দুর্ঘটনায় নিহত রাম প্রসাদ। ছবি: সংগৃহীত
ইউরোপের দেশ পর্তুগালে ট্রেনের ধাক্কায় রাম প্রসাদ সরকার (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার বাংলাদেশি অভিবাসী।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আলগার্ভ প্রদেশের মেশিলহোইরা গ্রান্দে এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রাম প্রসাদ টাঙ্গাইলের মির্জাপুর পৌর এলাকার সরিষাদাইড় গ্রামের বাসিন্দা এবং নিপেন্দ্র সরকারের ছেলে।
স্থানীয় বাংলাদেশিদের বরাতে জানা গেছে, পাঁচজন বাংলাদেশিকে বহনকারী একটি মাইক্রোবাস রেলক্রসিং অতিক্রম করার সময় দ্রুতগতির একটি ট্রেন সেটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান রাম প্রসাদ।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পারিবারিক সূত্র জানায়, রাম প্রসাদের দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে। দেশে তিনি মির্জাপুর বাজারে ল্যাপটপ ও কম্পিউটার মেরামতের ব্যবসা করতেন। মাত্র ১০ দিন আগে জীবিকার সন্ধানে পর্তুগাল গিয়েছিলেন তিনি।
বর্তমানে তার মরদেহ পর্তুগালের ফারো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পরিবার।
kalprakash.com/SS
শনিবার, ১৬ মে ২০২৬
পর্তুগালে ট্রেনের ধাক্কায় বাংলাদেশি নিহত, আহত আরও চারজন