ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্না এবং দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়-কে একসঙ্গে দেখা গেছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন থালাপতি বিজয়। দাবি করা হচ্ছে, ছবিটি প্রায় দুই দশক আগে তোলা। তবে এটি বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অনেকে মনে করছেন, আধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হতে পারে। আবার অন্য একটি অংশের দাবি, ছবিটি বাস্তবও হতে পারে। কারণ হিসেবে তারা উল্লেখ করছেন, মান্নার সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ একসময় ভারতের চেন্নাইয়ের প্রসাদ ল্যাব ও এভিএম স্টুডিওতে হতো, যেখানে একই সময়ে বিজয়ের সিনেমার কাজও চলত।
এই প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে, ২০০৩-০৪ সালের দিকে চেন্নাইয়ে কাজের সময় তাদের সাক্ষাৎ হয়ে থাকতে পারে।
তবে বিষয়টি নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি প্রয়াত মান্নার স্ত্রী শেলী মান্না। তিনি জানিয়েছেন, বিষয়টি অনেক আগের হওয়ায় স্পষ্টভাবে মনে নেই। একই সঙ্গে তিনি সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, সেই সময়ে মান্না নিয়মিতই ভারতে বিভিন্ন কাজে যেতেন, ফলে সাক্ষাৎ হওয়াও অসম্ভব নয়।
এদিকে ভাইরাল ছবিটি ঘিরে ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়াও দেখা গেছে। অনেকেই মান্নাকে গণমানুষের নায়ক হিসেবে স্মরণ করে মন্তব্য করছেন, তিনি সিনেমায় বাস্তব জীবনের গল্প ফুটিয়ে তুলেছিলেন। আবার কেউ কেউ বলছেন, রাজনীতিতে না জড়ানোয় তার প্রতি মানুষের শ্রদ্ধা আজও অটুট।
ঢালিউড ও তামিল সিনেমার এই দুই তারকার জনপ্রিয়তা নতুন করে আলোচনায় এসেছে এই ভাইরাল ছবিকে ঘিরে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, মান্না এখনো দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা ধরে রেখেছেন, আর বিজয় বর্তমানে শুধু সিনেমার নায়ক নন, রাজনীতিতেও গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 

























