বাগেরহাটের চিতলমারী উপজেলায় নীল পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী আগুন সন্ন্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ডাকাতিয়া সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে রবিবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে এ আয়োজন ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীরা ভিড় করেন এই ব্যতিক্রমধর্মী ধর্মীয় আয়োজনে। প্রায় দুই শতাব্দীর পুরোনো এই পূজার অন্যতম প্রধান আকর্ষণ ছিল আগুন সন্ন্যাস, যেখানে ভক্তরা মানত পূরণ ও ধর্মীয় আস্থার প্রকাশ হিসেবে জ্বলন্ত অগ্নিকুণ্ডের ওপর নৃত্য পরিবেশন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখার ওপর দিয়ে ভক্তদের নৃত্য ও পদচারণা এক অনন্য দৃশ্যের সৃষ্টি করে, যা উপস্থিত সবার মধ্যে গভীর আবেগ ও ভক্তির সঞ্চার করে।
স্থানীয়রা বলেন, নীল পূজা তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পূজার মাধ্যমে ভক্তরা শারীরিক ও মানসিক শুদ্ধি লাভের পাশাপাশি দেবতার আশীর্বাদ কামনা করেন। প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে আগুন সন্ন্যাস সম্পন্ন হয়েছে।
মন্দির কর্তৃপক্ষ জানায়, নীল পূজা সাধারণত চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়, যা সনাতন ধর্মাবলম্বীদের একটি প্রাচীন ঐতিহ্য। আগামী মঙ্গলবার পূজা ও পবিত্র স্নান অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
এ আয়োজন ঘিরে পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং সার্বিকভাবে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি 






















