দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। আগামী শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভাগ ও জেলাভিত্তিক নির্ধারিত কলেজ কেন্দ্রগুলোতে পরীক্ষা নেওয়া হবে।
রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক নির্দেশনায় কেন্দ্রগুলোর জন্য বিস্তারিত করণীয় ও নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে পাওয়া ব্যবহারকারী পরিচিতি ও গোপন সংকেত ব্যবহার করে কেন্দ্রসচিবকে পরীক্ষার্থীদের নামের তালিকা নামিয়ে নিতে হবে। পরীক্ষার্থীদের গ্রুপ অনুযায়ী আসন সাজাতে হবে এবং তাদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে।
পরীক্ষা হলের প্রতিটি কক্ষে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান—এই তিন গ্রুপের আসন সংখ্যা দশের গুণিতক হতে হবে। নিজ প্রতিষ্ঠানে পর্যাপ্ত জায়গা না থাকলে নিকটবর্তী অন্য কোনো সরকারি বা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে। তবে পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে আসনবিন্যাসের তালিকা প্রকাশ করতে হবে।
স্বচ্ছতা নিশ্চিত করতে হাজিরাপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর মুখ মিলিয়ে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবেই অন্য কাউকে দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা যাবে না।
এছাড়া পাশাপাশি বসা পরীক্ষার্থীদের ভিন্ন সেটের প্রশ্নপত্র দিতে হবে, কারণ প্রতিটি গ্রুপের জন্য দুটি করে প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছে। তত্ত্বাবধায়কদের খেয়াল রাখতে হবে, উত্তরপত্রে গ্রুপ ও সেট কোড সঠিকভাবে পূরণ করা হয়েছে কি না। কোনো পরীক্ষার্থী যদি উত্তরপত্রে কোনো সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লেখে, তাহলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
কেন্দ্রে মোবাইল ফোন, গণনাযন্ত্রসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে বলা হয়েছে। পরীক্ষার্থী ছাড়া অন্য কারও কেন্দ্রে প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
পরীক্ষা শেষে উত্তরপত্র ও হাজিরাপত্র নির্ধারিত নিয়মে সিলগালা করে একই দিন রাত ৮টার মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। ডাক বা কুরিয়ার মাধ্যমে পাঠানো যাবে না।
প্রতিটি পরীক্ষার্থীর জন্য ১২৫ টাকা হারে কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে, যা পরীক্ষা শুরুর তিন দিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষের কাছে জমা দিতে হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব কেন্দ্র কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 





















