জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) প্রতিনিধিদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) উপাচার্যের দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সাক্ষাৎ সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একটি ইতিবাচক ও কার্যকর কাজের পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করছি। তিনি আরও বলেন, সমালোচনামূলক সংস্কৃতি থেকে বের হয়ে গঠনমূলক চিন্তা ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানাই।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও জকসুর ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, জকসুর একটি সুস্পষ্ট আইনগত কাঠামো রয়েছে। সেই কাঠামোর আলোকে দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে তা বাস্তবায়ন সহজ হয় এবং শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থ নিশ্চিত করা সম্ভব।
সৌজন্য সাক্ষাতে জকসুর সহ-সভাপতি (ভিপি) মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম, পাঠাগার ও সেমিনার বিষয় সম্পাদক রিয়াসাল রাকিবসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নুশরাত জাহান মীম, জবি প্রতিনিধি 





















