বাগেরহাটের কচুয়া উপজেলায় আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক তাফসিরুল কুরআন ও দোয়া মাহফিলে সময়ের গুরুত্ব ও মানবজীবনে এর প্রভাব নিয়ে গুরুত্বারোপ করেছেন বক্তারা।
উপজেলার ঐতিহ্যবাহী আবাদ জামে মসজিদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হামছাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, মানুষের জীবন একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমাবদ্ধ, যা অনেকটা পরীক্ষার হলের মতো। নির্ধারিত সময় শেষ হয়ে গেলে যেমন পরীক্ষার খাতা জমা দিতে হয়, তেমনি জীবনের সময় শেষ হলে আমল করার সুযোগ আর থাকে না।
তিনি আরও বলেন, সময়ের সঠিক ব্যবহারই মানুষের সফলতা নির্ধারণ করে। পবিত্র কুরআনের সূরা আসরের আলোকে তিনি ব্যাখ্যা করেন, যারা সময়কে অবহেলা করে এবং ন্যায় ও সত্যের পথে চলে না, তারা প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত।
মাহফিলে সভাপতিত্ব করেন আবাদ জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল করিম। এতে স্থানীয় এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থান থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
ধর্মীয় এই আয়োজনকে ঘিরে এলাকায় এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয় এবং বক্তাদের আলোচনায় সময়ের মূল্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
বাগেরহাট প্রতিনিধি 


















