মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত প্রবাসী বাংলাদেশি আবুল মহসিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। তার একমাত্র কন্যা তাসনিম তামান্নার উচ্চশিক্ষা নিশ্চিত করতে আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাসনিম তামান্নার পড়াশোনার জন্য সাড়ে আট লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ সহায়তার আশ্বাস দেন।
এর অংশ হিসেবে প্রাথমিকভাবে উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনার জন্য তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা নগদ প্রদান করা হয়েছে। পাশাপাশি বাকি আট লাখ টাকা অফার লেটারের মাধ্যমে পর্যায়ক্রমে প্রদানের ব্যবস্থা করা হয়েছে, যা তার উচ্চশিক্ষা সম্পন্ন করতে সহায়তা করবে।
এ বিষয়ে সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই নিহতের পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। তিনি বলেন, “আবুল মহসিনের একমাত্র কন্যার ভবিষ্যৎ যেন থেমে না যায়, সেই লক্ষ্যেই এই শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়েছে।”
তিনি আরও বলেন, শিক্ষা একজন মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি, তাই তাসনিম তামান্না যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে—এটাই সবার প্রত্যাশা।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
নিজস্ব প্রতিবেদক 






















