রাজধানীর শ্যামবাজার পাইকারি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বাজার পরিদর্শনে যান।
পরিদর্শনে তার সঙ্গে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম ও মোহাম্মদ হাসানুজ্জামান। প্রতিমন্ত্রী জানান, তাঁরা মাঠে কাজ করছেন এবং সরাসরি বাজার পরিস্থিতি যাচাই করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, শ্যামবাজার ঢাকার অন্যতম বড় পাইকারি মসলার আড়ত। এখান থেকে ঢাকার বিভিন্ন স্থানে সবজি, মসলা এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়। রমজান ও ঈদকে কেন্দ্র করে বাজারে পণ্যের সরবরাহ সঠিকভাবে হচ্ছে কি না এবং কেউ অবৈধভাবে মজুত করে অতিমুনাফা চেষ্টা করছে কি না—এসব বিষয় মনিটরিং করতেই পরিদর্শন করা হয়েছে।
তিনি আরও জানান, বাজারে বিভিন্ন দোকানে গিয়ে মসলার মজুত ও দাম যাচাই করা হয়েছে। তাদের পর্যবেক্ষণে দেখা গেছে, বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে।
এ সময় স্থানীয়দের জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যা তুলে ধরা হলে প্রতিমন্ত্রী বলেন, জনগণ এগিয়ে এসে সমস্যা তুলে ধরলে তা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া সম্ভব। দায়িত্ব নেওয়ার পর থেকেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, ট্রাফিক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা ও তিতাসের সঙ্গে বৈঠক করে কাজ শুরু করেছেন।
ইশরাক হোসেন বলেন, দুই-এক দিনের মধ্যে তিনি একটি সংবাদ সম্মেলন করবেন, যেখানে দায়িত্ব নেওয়ার পর প্রথম ১০ দিনে কী কী কাজ করা হয়েছে এবং কোন সমস্যাগুলো উঠে এসেছে—সব বিস্তারিত তুলে ধরা হবে।
নিজস্ব প্রতিবেদক 



















