ফার্মগেট ইয়ুথ ক্লাব (FYC)-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। যা রাজধানীর ফার্মগেট এলাকায় তারুণ্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত।
মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে নৈতিক ও যোগ্য সম্পদে রূপান্তরের প্রত্যয়ে যাত্রা শুরু করেছে নবগঠিত এ কমিটি।
ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে নতুন নেতৃত্বে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়াসিন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি আশিক আহমেদ, সাধারণ সম্পাদক শামীম আহমেদ রবিন এবং সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাব্বির হোসেন দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও সহ-সভাপতি পদে খন্দকার পাভেল ও শরিফুল আলম শরিফ, যুগ্ম সম্পাদক পদে এস এম মাহবুব ও মো. মোস্তাফিজুর রহমান বিপ্লব, কোষাধ্যক্ষ হিসেবে আনোয়ার সাদাত, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদীন এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. ফিরোজ কবির দায়িত্ব গ্রহণ করেছেন।
ক্লাব কর্তৃপক্ষ জানায়, কেবল ক্রীড়া বা বিনোদনমূলক কর্মকাণ্ড নয়—সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধের চর্চা এবং তরুণদের ইতিবাচক সম্পৃক্ততাই হবে আগামী দিনের পথচলার মূল ভিত্তি।
সিনিয়র সহ-সভাপতি আশিক আহমেদ বলেন, ফার্মগেটের প্রতিটি তরুণের জন্য একটি নিরাপদ ও সুস্থ মেধা বিকাশের কেন্দ্র হিসেবে কাজ করবে ফার্মগেট ইয়ুথ ক্লাব।
সহ-সভাপতি শরিফুল আলম শরিফ গণমাধ্যমকে জানান, আমাদের লড়াই মাদকের বিরুদ্ধে, আমাদের সংগ্রাম সমাজ গড়ার লক্ষ্যে। প্রতিটি তরুণকে সৎ ও যোগ্য হিসেবে গড়ে তোলাই আমাদের পরম সার্থকতা।
তিনি আরও বলেন, ফার্মগেট ইয়ুথ ক্লাব ফার্মগেটের প্রতিটি তরুণকে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করতে চায়। মাদকের অন্ধকার পেছনে ফেলে আলোর পথে তরুণদের ধাবিত করাই আমাদের মূল অঙ্গীকার।
নবনির্বাচিত নেতৃবৃন্দ অঙ্গীকার করেছেন, সংগঠনের মাধ্যমে তরুণ সমাজকে মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রেখে সৃজনশীল, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাবেন।
আজিজুল ইসলাম যুবরাজ 
























