ইবরাহীম সোহেল, বরগুনা প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির কারণে বরগুনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে বরগুনা থেকে ঢাকাগামী সব পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বরগুনা থেকে বরিশালসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
সরেজমিনে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার পৌর বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, সকাল থেকেই বরগুনা থেকে ঢাকাগামী সব পরিবহনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বরগুনা থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে টার্মিনালে আসা যাত্রীরা বাস না পেয়ে বাধ্য হয়ে ফিরে গেছেন। তবে বরগুনার অভ্যন্তরীণ রুটসহ বরিশালগামী লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই বাস টার্মিনালে পুলিশ মোতায়েন রয়েছে।
বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রোকনুজ্জামান সালাম বলেন, বরগুনা থেকে বিভাগের বিভিন্ন রুটে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বরগুনা থেকে বরিশালগামী বাসও চলছে। ঢাকাগামী পরিবহনগুলো গতকাল (শনিবার) রাতে ছেড়ে গেছে এবং কিছু বাস ফিরেও আসছে। তবে নিরাপত্তার স্বার্থে আজ (রোববার) রাজধানীর সঙ্গে বাস চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। গাড়ি ভাঙচুর বা পুড়িয়ে দেওয়ার আশঙ্কায় মালিকেরা নিরাপত্তার স্বার্থে বাস চলাচল বন্ধ রেখেছেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সার্বক্ষণিক মাঠে রয়েছে। এ ছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য বাস টার্মিনালে পুলিশ মোতায়েন রয়েছে।