তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্পের সমীক্ষার কাজ শেষ হয়েছে। সমীক্ষা প্রতিবেদন পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তাপাড়ের মানুষ শিগগিরই এ প্রকল্প নিয়ে সুখবর পাবেন।
শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, বিচার চলাকালে শেখ হাসিনা দেশে ফেরেননি। এখন দেশে ফিরতে চাইলে ভারত-বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাঁকে আসতে হবে।
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দলটি একটি সন্ত্রাসী ও মাফিয়া দল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে, তাদের কোনো পরিবর্তন হয়নি এবং তারা নিজেদের শুধরাবে না।
তিস্তার পানিবণ্টন প্রসঙ্গে ত্রাণমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা।