ইরানকে সমরাস্ত্র সরবরাহকারী দেশগুলোর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে কোনও ধরনের ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।
বুধবার (৮ এপ্রিল) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, কোনও দেশ ইরানকে সামরিক সহায়তা দিলে তাদের ওপর অবিলম্বে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং এতে কোনও ব্যতিক্রম রাখা হবে না।
তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে কোন আইনি কাঠামো ব্যবহার করা হবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি। এর আগে গত ফেব্রুয়ারিতে বৈশ্বিক শুল্ক আরোপে ট্রাম্পের ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) ব্যবহারের সিদ্ধান্ত আদালত বাতিল করে দেয়। পরে নিম্ন আদালত এক বছরে আদায়কৃত প্রায় ১৬৬ বিলিয়ন ডলার ফেরতের নির্দেশ দেয়।
১৯৭৭ সালের আইইইপিএ আইনটি দীর্ঘদিন ধরে ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদারে ব্যবহৃত হয়ে আসছে। তবে আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, বাণিজ্য শুল্ক আরোপে এই আইন প্রয়োগ করে ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছিলেন।
এদিকে ইরানকে বর্তমানে কোনও দেশ সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে কি না, তা স্পষ্ট নয়। মার্কিন সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন ও রাশিয়া ইরানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে সহায়তা করেছে। তবে সেই সহায়তার ধরন সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 

























