কুয়েতের আল-সালমি মরুভূমিতে ১৯৯০ সালের ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা অবিস্ফোরিত মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একটি উট।
দুর্ঘটনার খবর পেয়ে কুয়েতের নিরাপত্তা বাহিনী, ফরেনসিক তদন্তকারী দল ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, মরুভূমিতে থাকা একটি অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইনের ওপর অসাবধানতাবশত পা রাখলে সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই ওই বাংলাদেশির মৃত্যু হয়।
ঘটনার পর মাইন নিষ্ক্রিয় করা এবং আশপাশে আরও বিস্ফোরক রয়েছে কি না, তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়েছে। তদন্তে বিভিন্ন নিরাপত্তা ও ফরেনসিক বিভাগের সদস্যরাও অংশ নিয়েছেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্ত ও বিস্তারিত তথ্য সংগ্রহে দূতাবাস কাজ করছে।
প্রায় ৩৬ বছর পেরিয়ে গেলেও কুয়েতের মরুভূমিতে ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা মাইন ও অন্যান্য বিস্ফোরক এখনো প্রাণঘাতী ঝুঁকি হয়ে রয়েছে। সর্বশেষ এ ঘটনা সেই ঝুঁকির বিষয়টি আবারও সামনে এনেছে।