রাজধানীর কাঁঠালবাগানে একটি ১০ তলা আবাসিক ভবনের ফ্ল্যাটে আগুনের ঘটনায় দেড় বছরের শিশুসহ একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলার গ্যাস ছড়িয়ে পড়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন আবদুর রহমান (৩২), তাঁর স্ত্রী সাবা (৩০), দেড় বছর বয়সী সন্তান আর এস রহমান এবং একই ফ্ল্যাটে সাবলেট থাকা সামসুন নাহার (৫০) ও তাঁর মেয়ে সানজিদা (২০)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
উদ্ধারকাজে অংশ নেওয়া প্রতিবেশী সুমন জানান, রান্নার জন্য চুলা জ্বালাতে গিয়ে ফ্ল্যাটটিতে আগুন লাগে। তাঁর ধারণা, রাতে রান্নার সময় গ্যাস না থাকায় চুলা চালু করা হয়েছিল। পরে গ্যাস সরবরাহ শুরু হলে তা ফ্ল্যাটের ভেতরে ছড়িয়ে পড়ে। সকালে চুলা জ্বালানোর চেষ্টা করতেই আগুন ধরে যায়।
দগ্ধ আবদুর রহমানের মা রহিমা জানান, তাঁর ছেলে একটি ব্যাংকে চাকরি করেন। স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন তিনি। আবদুর রহমানের গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়। তাঁর বাবার নাম আবুল বাশার।
এদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।