ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জির স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় আর নেই। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেত্রীর স্বামী পরিচয়ের বাইরেও জয়ন্তের আরেকটি পরিচয় রয়েছে—তিনি কিংবদন্তি সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জয়ন্তের মেয়ে মেঘা মুখোপাধ্যায় জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তার বাবা। কিছুদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ধনতেরাসের দিন বাড়ি ফিরলেও গত ১১ নভেম্বর আবারও হাসপাতালে ভর্তি করতে হয় তাকে।
মেঘা জানান, প্রযোজক জয়ন্তের ফুসফুসে সংক্রমণ ছিল। একই সঙ্গে ধরা পড়েছিল টাইফয়েড। বয়সজনিত কারণে সুস্থ হতে কিছুটা সময় লাগছিল। অসুস্থতা কাটিয়ে গত ৬ নভেম্বর বাড়ি ফিরেছিলেন তিনি। পরিবারের সঙ্গে উৎসবেও অংশ নেন। তবে কয়েক দিনের ব্যবধানে আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর শেষ পর্যন্ত আর ফেরা হলো না তার।
জয়ন্ত মুখোপাধ্যায় একজন সফল প্রযোজক হলেও সবসময় প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করতেন। ১৯৭৫ সালে ‘মজাক’ এবং ১৯৭৯ সালে ‘দো লড়কে দোনো করকে’ সিনেমা প্রযোজনা করেন তিনি। ১৯৯২ সালে ‘তালাশ’ ধারাবাহিকের প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন।
অন্যদিকে, মৌসুমী চ্যাটার্জি খুব অল্প বয়সেই জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দশম শ্রেণিতে পড়ার সময়ই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। সংসারের পাশাপাশি অভিনয়জীবনেও নিজের অবস্থান তৈরি করেন এই অভিনেত্রী।
এই দম্পতির দুই মেয়ে—পায়েল মুখার্জি ও মেঘা মুখার্জি। ২০১৯ সালে বড় মেয়ে পায়েলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছিল শোকের ছায়া। এবার স্বামীকে হারিয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি।