বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তদের মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় এ অভিযান পরিচালনা করেন বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত নওশীন। অভিযানে আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নওশীন জানান, সরকার কর্তৃক ইজারাকৃত বালুমহাল ছাড়া অন্য কোনো স্থান থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বালু উত্তোলন এবং অবৈধভাবে মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ।
এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার ফলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়। এ কারণে সবাইকে আইন মেনে চলার পাশাপাশি পরিবেশ ও দেশের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।