কুমিল্লার বরুড়ায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন কিশোরকে যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ৯ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জন, নারী ও শিশু অপহরণ মামলার দুই আসামি এবং একটি হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মো. হোসেন (২২)। তিনি বরুড়া উপজেলার ৫ নম্বর ঝলম ইউনিয়নের সিংগুর গ্রামের বাশার মিয়া ও মাফিয়া বেগমের ছেলে।
নারী ও শিশু অপহরণ মামলায় গ্রেপ্তার দুজন হলেন—বরুড়া উপজেলার দোঘই গ্রামের সর্দার বাড়ির মামুন মিয়ার ছেলে জিসান হোসেন (২২) এবং পেরুল গ্রামের ভূঁইয়া বাড়ির আব্দুল লতিফের ছেলে মো. রাকিব (২২)।
অন্যদিকে, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জন হলেন—সোনাইমুড়ী গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে জিলানী (৩৫), সাওড়াতলী গ্রামের কালীচরণ ভৌমিকের ছেলে মানিক লাল ভৌমিক, ওড্ডা গ্রামের মৃত তালেব আলীর ছেলে মো. দুলাল মিয়া, সাইলচো গ্রামের মিজানুর রহমানের স্ত্রী শিরিনা আক্তার, দেওড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে তাজুল ইসলাম (৬০) এবং ভবগ্রাম গ্রামের মৃত হাজী আলী নেওয়াজের ছেলে হুমায়ুন কবির (৫০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ৯ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, ১৩ কিশোরকে যাচাই-বাছাই করে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।