ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ শরিফা বেগম (৩৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মো. ওয়াসিম মিয়া (৩৮) নামে আরও এক ব্যক্তিকে পলাতক আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া নারী চট্টগ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কসবা পৌরসভার কালিকাপুর এলাকার স্টেশন রোডে অ্যাডভোকেট আজিজ মিয়ার মার্কেটের সামনে অবস্থিত জান্নাত হেয়ার কাটিং সেলুনের সামনের পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কসবা থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই কাজী ছানোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন শরিফা বেগমকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর দখল ও হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা গাঁজা জব্দ তালিকামূলে জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার হওয়া শরিফা বেগম (৩৯) চট্টগ্রাম সিটি করপোরেশনের বাকলিয়া থানার বাদিয়ার টেক এলাকার বাসিন্দা। অপরদিকে, এ ঘটনায় পলাতক আসামি হিসেবে অভিযুক্ত মো. ওয়াসিম মিয়া (৩৮) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৯ নম্বর কায়েমপুর ইউনিয়নের জাজিসার (চেয়ারম্যান বাড়ি) এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় একটি মামলা করা হয়েছে। পলাতক আসামিকে আইনের আওতায় আনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ গ্রেপ্তার ও গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।