টানা কয়েক দফায় দরপতনের পর দেশের বাজারে ফের কমানো হয়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্য হ্রাস পাওয়ার প্রেক্ষাপটে সব ধরনের স্বর্ণের নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
আজ রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে।
এদিন সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সর্বসম্মতিক্রমে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্য সমন্বয়ের তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে কাঁচামালের দাম কমায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দেশে স্বর্ণের দর পুনর্নির্ধারণ করা হয়েছে। বাজারে কেনাবেচায় স্থায়িত্ব ও স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
kalprakash.com/IM