রাজধানীতে পুলিশের অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টিতে অভিযান চালিয়ে আটক ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে পুরুষদের এক মাস এবং নারীদের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির এ তথ্য জানান।
ইলিয়াস কবির জানান, ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুরুষদের এক মাসের কারাদণ্ডের পাশাপাশি ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁদের আরও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইলিয়াস কবির বলেন, ২০২৫ সাল থেকে সেখানে এ ধরনের আয়োজন চলছিল। মাসে প্রায় ২০-২২টি অনুষ্ঠান হতো। বাড়িভাড়া বাবদ ১০ জনের প্রত্যেকের কাছ থেকে ১৮ হাজার ৫০০ টাকা করে নেওয়া হতো।
এছাড়া অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধনকারীদের কাছ থেকে জনপ্রতি ৬০০ টাকা নেওয়া হতো। তিনি বলেন, সেখানে ২৬ জন তরুণী ছিলেন। তাঁদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু হয়েছে।
kalprakash.com/IM