পবিত্র মক্কার একটি মসজিদে অনৈতিক কাজ করার অভিযোগে নজরুল ইসলাম ও সুইটি আক্তার সিঁথি নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। গত ১৪ অক্টোবর এ দণ্ড কার্যকরের পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এতে দেখা যাচ্ছে, পবিত্র কাবার হাজরে আসওয়াদ বা কালো পাথরের কাছে এক ব্যক্তি এক নারীকে মাথায় ধাক্কা দিচ্ছেন। সামাজিক মাধ্যমে বলা হচ্ছে, এ দুজন হলেন সেই বাংলাদেশি, যাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
তবে এ তথ্য বিভ্রান্তিকর জানিয়ে সৌদির দুই পবিত্র মসজিদ (মসজিদুল হারাম ও মসজিদে নববী) কর্তৃপক্ষের এক্স অ্যাকাউন্ট থেকে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) একটি পোস্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, “ভিডিওটি যে তথ্য দিয়ে ছড়ানো হচ্ছে, এটি মিথ্যা এবং তাঁদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো প্রমাণও নয় এটি।”
গত ১৪ অক্টোবর দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, নজরুল ইসলাম ও সিঁথি আক্তার নামে দুজনের দণ্ড কার্যকর করা হয়েছে মসজিদের ভেতর অনৈতিক কাজ করার জন্য। তবে এর বেশি কোনো তথ্য তারা জানায়নি।
এমনকি কবে তাঁদের গ্রেপ্তার করা হয়, তাঁরা কোন জায়গায় অপরাধ সংঘটিত করেছিলেন, সেটিও জানানো হয়নি। যদিও এখন ওই দুই বাংলাদেশি সম্পর্কে তথ্য আসা শুরু হয়েছে।
জানা গেছে, নজরুল ইসলাম তিন বছরের বেশি সময় ধরে জেলে বন্দি ছিলেন। এ সময় সপ্তাহে একদিন তিনি ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতেন। তবে পরিবারকে কোনো তথ্য না জানিয়ে গত ১৪ অক্টোবর তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সূত্র: খালিজ টাইমস
kalprakash.com/IM