তাইজ শহরের জেবেল সবর পাহাড়ের দিকে যাওয়ার একাধিক গুরুত্বপূর্ণ জেলা দখল করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ শনিবার (১৭ অক্টোবর) আলজাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।
জেবেল সবর থেকে পুরো তাইজ শহর দেখা যায়। এ কারণে হুথিরা পাহাড়টির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি পুরো তাইজ শহরকেও ঘিরে ধরছে তারা।
আলজাজিরা জানিয়েছে, হুথিরা পাহাড়টি দখল করতে পারলে শহরের বেশির ভাগ রাস্তাঘাট এবং ইয়েমেনি বাহিনীর সেনাদের চলাচলের ওপর নজর রাখতে পারবে। একই সঙ্গে শহরটি দখলের ক্ষেত্রেও তারা সুবিধা পাবে। এ জন্য শহরের ভেতরে তাদের যোদ্ধাদের যেতেও হবে না।
বর্তমানে তাইজের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সবচেয়ে তীব্র লড়াই হচ্ছে। সেখানে হুথিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলের চেষ্টা করছে ইয়েমেনি বাহিনী। এ ক্ষেত্রে তারা সৌদি বিমানবাহিনীর সহায়তা পাচ্ছে। সৌদি বিমানবাহিনী তাইজের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুথিদের অবস্থান লক্ষ্য করে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, দুই পক্ষের লড়াইয়ের কারণে শহরটির মানবিক পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। সেখানকার সাধারণ মানুষের কাছে খাবার ও পানি পৌঁছাতে দেওয়া হচ্ছে না। জাতিসংঘ সতর্ক করে বলেছে, তাইজে অল্প পরিমাণ আটা ও ময়দা অবশিষ্ট আছে। রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না এবং জ্বালানির দাম বেড়েই চলছে।
হুথিরা তাইজে থাকা সরকারি বাহিনীকে শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। কিন্তু সেখানে এখনো লড়াই চলছে। শেষ পর্যন্ত সরকারি বাহিনী শহরটির নিয়ন্ত্রণ হারালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের জন্য তা বড় ধাক্কা হবে।
সূত্র: আলজাজিরা
kalprakash.com/IM