ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়েছে। এক যুবকের সঙ্গে ছবি প্রকাশ করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। পোস্টে ওই ব্যক্তিকে নিজের প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর হিসেবে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি ব্যবসা শেখা, স্বপ্ন বাস্তবায়নের সাহস এবং নিজের কিছু করার অনুপ্রেরণা পাওয়ার কথাও তুলে ধরেছেন।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া পোস্টে অপু বিশ্বাস লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর।’
এরপর ওই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার জন্য শুভকামনা ও ভালোবাসা জানান অভিনেত্রী। ছবিতে থাকা যুবকের পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। অভিনেত্রী নিজে পোস্টে তার পরিচয় বিস্তারিত জানাননি।
তবে অপুর ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী একজন ব্যবসায়ী। জন্মদিনের শুভেচ্ছাবার্তায় অপু বিশ্বাস জানিয়েছেন, এই ব্যক্তির কাছ থেকে ব্যবসাকে নতুনভাবে চিনতে শিখেছেন তিনি। শুধু তা-ই নয়, নিজের স্বপ্ন বাস্তবায়নের সাহস এবং নিজস্ব উদ্যোগ গড়ে তোলার অনুপ্রেরণাও পেয়েছেন তার কাছ থেকে।
অভিনয়ের পাশাপাশি কয়েক বছর ধরে ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন অপু বিশ্বাস। ব্যবসায়িক পথচলায় যার কাছ থেকে পরামর্শ ও সহযোগিতা পেয়েছেন, জন্মদিনের পোস্টে সেই মানুষটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পোস্টের শেষাংশে অপু বিশ্বাস তাদের বন্ধুত্ব ও একসঙ্গে পথচলা আরও দীর্ঘ হওয়ার প্রত্যাশা জানিয়েছেন।
তিনি লেখেন, ‘শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সব সময়। আপনার সঙ্গে এই বন্ধুত্ব ও পথচলা আরও অনেক দূর এগিয়ে যাক।’
সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত শুভেচ্ছাবার্তায় কাউকে এভাবে ব্যবসায়িক পরামর্শদাতা ও প্রিয় বন্ধু হিসেবে তুলে ধরতে অপু বিশ্বাসকে দেখা যায় না। তাই তার এই পোস্ট ঘিরে ছবির যুবকের পরিচয় এবং অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তবে পোস্টে অপু বিশ্বাস তাদের সম্পর্ককে বন্ধুত্ব ও ব্যবসায়িক পরামর্শের জায়গা থেকেই তুলে ধরেছেন।
kalprakash.com/IM