শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হাফ ভাড়া নিতে অস্বীকৃতি এবং মারধরের অভিযোগে রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজের মূল ফটকের সামনে ফের একটি ভিআইপি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভিআইপি বাসের কর্মীদের বিরুদ্ধে হাফ ভাড়া নিয়ে বিরোধ ও যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ থাকলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।
শিক্ষার্থীদের দাবি, এর আগেও একই ধরনের অসৌজন্যমূলক আচরণের অভিযোগে একাধিকবার প্রায় পাঁচটি ভিআইপি বাস আটক করেছিলেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। পরে ভিআইপি বাসের ব্যবস্থাপক রাজ্জাক এসে মুচলেকা দিয়ে বাসগুলো ছাড়িয়ে নেন। এরপর কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরে আবারও আগের মতো হাফ ভাড়া নিতে অস্বীকৃতি, অসৌজন্যমূলক আচরণ এবং শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে বাসটির কর্মীদের বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক তেজগাঁও কলেজের এক শিক্ষার্থী বলেন, আমি আব্দুল্লাহপুর থেকে ফার্মগেট নিয়মিত যাতায়াত করি। তালিকা অনুযায়ী এ রুটের ভাড়া ৫০ টাকা। শিক্ষার্থীদের ক্ষেত্রে হাফ ভাড়া ২৫ টাকা। কিন্তু ভিআইপি বাসের কন্ডাক্টর ৩০ টাকা নেন। পাঁচ টাকা ফেরত চাইলে অসৌজন্যমূলক আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
তিনি আরও বলেন, শুধু আমি নই; আমার মতো আরও অনেক শিক্ষার্থী এমন পরিস্থিতির শিকার হচ্ছেন। নারী শিক্ষার্থীরা আরও বেশি ভোগান্তির শিকার হন।
শিক্ষার্থীদের অভিযোগ, বাসের কর্মীদের এমন আচরণে নিয়মিত যাতায়াতকারী শিক্ষার্থীরা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন। তাঁদের দাবি, হাফ ভাড়া নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযোগগুলোর যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে, শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে শুধু একটি ভিআইপি বাস আটক রয়েছে। বাকি বাসগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ভিআইপি বাস কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।