নওগাঁর পত্নীতলা ও ধামুইরহাট উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৭২টি পুরোনো বিদেশি কয়েন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কয়েনগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ১৪৩ টাকা। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার মাদাইনগর এলাকা ও ধামুইরহাট বাজারে পৃথক অভিযান চালায় জয়পুরহাট ২০ বিজিবি। অভিযানে সহযোগিতা করে পত্নীতলা ১৪ বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার মাদাইনগর গ্রামের রশিদ মিয়া (৫২) এবং ধামুইরহাট বাজার এলাকার রুবেল মিয়া (৫০)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন দেশের পুরোনো কয়েন জব্দ করা হয়। এসব কয়েনের মধ্যে রয়েছে পাকিস্তানের পাঁচ, দশ ও এক পয়সার কয়েন, ভারতের আনা ও পয়সার কয়েন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের কয়েন। এ ছাড়া বাংলাদেশের এক টাকার ৩২টি কয়েন, সিমকার্ডসহ দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
জব্দ করা কয়েনগুলোর মধ্যে ভারতীয় এক-চতুর্থাংশ আনার তামার কয়েন উল্লেখযোগ্য। এর মধ্যে রাজার প্রতিকৃতিযুক্ত ৫৮৭টি কয়েনের আনুমানিক মূল্য ২ কোটি ৬৪ লাখ ২৫ হাজার ৫৬৬ টাকা। আর রানির প্রতিকৃতিযুক্ত ১৪৮টি কয়েনের মূল্য ৫ লাখ ২৩ হাজার ৪৭৬ টাকা বলে জানিয়েছে বিজিবি।
জব্দ করা কয়েনসহ আটক ব্যক্তিদের নওগাঁর পত্নীতলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
kalprakash.com/IM