নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতী বিলে অবৈধভাবে মাছ শিকারের দায়ে কাশেম আলী সরদার (৫৯) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাছ শিকারে ব্যবহৃত ৬৫টি চায়না রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হালতী বিলের মহনপুর দারা আঁচড়াখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযুক্ত কাশেম আলী সরদার আঁচড়াখালী গ্রামের জসিম উদ্দিন সরদারের ছেলে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। অভিযানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা।
সংশ্লিষ্টরা জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ, জলজ জীববৈচিত্র্য রক্ষা, অভয়াশ্রমের সুরক্ষা এবং অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
kalprakash.com/IM