ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান শেষে ফেরার পথে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে নোমান আলী (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে হালুয়াঘাট উপজেলার তেলিখালী সীমান্তের জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত নোমান আলী বাঘাইতলা বাজারের ইজারাদার ছিলেন।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেলিখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জলজলিয়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবির একটি টহলদল।
অভিযান শেষে চোরাচালানের পণ্য আটক করে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা টহলদলের ওপর অতর্কিত হামলা চালায় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজিবি জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে হামলাকারীদের মৌখিকভাবে সতর্ক করা হয় এবং সতর্কতামূলক গুলি ছোড়া হয়। তবে সতর্কবার্তা উপেক্ষা করে পুনরায় হামলা চালানো হলে এক বিজিবি সদস্য আহত হন। এ অবস্থায় নিজেদের জীবন ও সরকারি সম্পদ রক্ষার্থে বিজিবি সদস্যরা আত্মরক্ষামূলক গুলি চালান। এতে নোমান আলী নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।
পরে তাঁকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নোমান আলী বেতকুড়ি এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) আরও জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান এবং টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
kalprakash.com/IM