বগুড়ায় জাল টাকার বান্ডিল দিয়ে সোনার চেইন নিয়ে পালিয়েছে এক প্রতারক। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে শহরের আনোয়ারা সুপার মার্কেটের তামান্না জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
দোকানের মালিক এম এ বারী জানান, দুপুর ২টার দিকে এক ব্যক্তি তার দোকানে এসে সোনার গহনা দেখতে চান। একপর্যায়ে তিনি একটি সোনার চেইন পছন্দ করেন। চেইনটির ওজন আট আনা তিন রতি এবং বাজারমূল্য প্রায় ১ লাখ ২২ হাজার টাকা।
এম এ বারী বলেন, চেইনটি হাতে নেওয়ার পর ওই ব্যক্তি এক হাজার টাকার নোটের একটি বান্ডিল দেন। টাকা গোনার সময় তিনি দোকানিকে বলেন, ‘একটু আসছি।’ এরপর টাকার বান্ডিল ও গহনার বাক্স দোকানে রেখে শুধু সোনার চেইনটি নিয়ে কৌশলে বেরিয়ে যান।
পরে টাকা পরীক্ষা করে দেখা যায়, বান্ডিলের সব নোটই জাল। বান্ডিলে মোট ১ লাখ ১১ হাজার টাকার নোট ছিল। এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন দোকানের মালিক।
খবর পেয়ে ঘটনাস্থলে যান বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু। তিনি বলেন, একজন প্রতারক জাল টাকার নোট দিয়ে সোনার চেইন নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।
kalprakash.com/IM