আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি। মঞ্চ প্রস্তুত। মেসির ২১ বছরের পথচলার শেষ দেখতে বুয়েনস আইরেসে ছুটে যাচ্ছেন অনেক ভক্ত-সমর্থক। কিন্তু বিশ্বজুড়ে মেসির অগণিত ভক্তের সবার পক্ষে তো আর যাওয়া সম্ভব নয়।
বাংলাদেশ কিংবা দক্ষিণ-পূর্ব এশিয়ায় আর্জেন্টিনা নিয়ে উন্মাদনা সব সময়ই আকাশছোঁয়া। সেখানকার সমর্থকেরা কীভাবে ম্যাচটি উপভোগ করবেন?
এই অঞ্চলে কোনো টেলিভিশন চ্যানেলই আর্জেন্টিনা-বেনিন ম্যাচের সম্প্রচারস্বত্ব পায়নি। তবে ভারতীয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি নেটওয়ার্কের জি৫ (ZEE5), ইউনিট৮ স্পোর্টস-১ ও ইউনিট৮ স্পোর্টস-১ এইচডি ম্যাচটি দেখাবে। সাবস্ক্রিপশন খরচ দিয়েই দেখতে হবে। এটিই একমাত্র উপায়।
তবে ভিন্ন উপায়ে দেখার সুযোগও থাকতে পারে। থার্ড পার্টি অ্যাপ থেকে অনেক সময় খেলা দেখেন সমর্থকেরা। স্পোর্টসপাই ও ক্রিড়া টিভির মতো অ্যাপে খেলা দেখার সুযোগ হতে পারে। তবে এসব অ্যাপে ঝুঁকি থাকে, আবার অনেক সময় সাবলীলভাবে খেলাও দেখা যায় না।
৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি হবে বুয়েনস আইরেসে রিভার প্লেটের মনুমেন্তাল স্টেডিয়ামে। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে মেসির ২১ বছরের পথচলার ইতি ঘটবে।
আর্জেন্টিনার স্থানীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু হবে ৬ অক্টোবর (মঙ্গলবার) রাত ৮টায়। বাংলাদেশ সময় অনুযায়ী মেসির বিদায়ী ম্যাচ শুরু হবে ৭ অক্টোবর (বুধবার) ভোর ৫টায়।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টিওয়াইসি স্পোর্টস। অনলাইনেও দেখা যাবে টিওয়াইসি স্পোর্টস প্লে প্ল্যাটফর্মে।
৬ অক্টোবরের রাত পেরিয়ে বাংলাদেশে যখন নতুন দিন শুরু হবে, তখনই আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি।
kalprakash.com/IM