কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কুমিল্লা জেলা কার্যালয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিসিক জেলা কার্যালয়, কুমিল্লায় ২০২৬-২৭ অর্থবছরের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়। ৪ অক্টোবর থেকে শুরু হওয়া প্রশিক্ষণ চলবে ৮ অক্টোবর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও আইকিউএসি পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান এবং রসায়ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়, কুমিল্লার উপমহাব্যবস্থাপক মো. মুনতাসীর মামুন। কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের উপব্যবস্থাপক মো. আব্দুল্লাহ-আল-মাসুম। এ ছাড়া বিসিক জেলা কার্যালয়ের অন্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে সফল উদ্যোক্তার গুণাবলি, ম্যাক্রো ও মাইক্রো স্ক্রিনিং, সোয়ট (SWOT) বিশ্লেষণ, উৎপাদন ব্যবস্থাপনা, অনলাইন বিপণন এবং প্রকল্প প্রোফাইল প্রণয়নসহ উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এ বিষয়ে রসায়ন বিভাগের অধ্যাপক ও আইকিউএসি পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে পাঠ্যক্রমে পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট কোর্স যুক্ত করা হয়েছে। এর একটি অংশ উদ্যোক্তা উন্নয়ন। বাস্তব কাজের মাধ্যমে শিক্ষার্থীদের এ দক্ষতা অর্জনের লক্ষ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা কার্যক্রমের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করা হয়েছে, যার মধ্যে বিসিকও রয়েছে।
তিনি আরও বলেন, আইকিউএসির সমন্বয়ে রসায়ন বিভাগ বিসিকের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীদের জন্য পাঁচ দিনব্যাপী এ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করেছে।
kalprakash.com/IM