গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এ সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের পূর্ব হাতিয়া এলাকার মমতাজ আলীর ছেলে সুজা মিয়া (৩২) ও কুড়িগ্রামের রৌমারী উপজেলার নওদাপাড়া এলাকার জবেদ আলীর ছেলে নুরুজ্জমান মিয়া (৪২)।
রোববার (৪ অক্টোবর) দুপুরে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার রাতে উপজেলার বালারছিড়া মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত পৌনে ৯টার দিকে এসআরবি-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল উপজেলার বালারছিড়া মোড়ে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে। এ সময় তাঁদের কাছ থেকে ৮৩২ পিস ইয়াবা, নগদ ৮ হাজার ৯০ টাকা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় এবং তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
kalprakash.com/IM