চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করেছে বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায় এক চোরাকারবারি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি এলাকায় এ অভিযান চালানো হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গয়েশপুর বিওপির হাবিলদার ইছাব্বর আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের কুলোপাড়ায় আমবাগানে অবস্থান করছিল। এ সময় এক চোরাকারবারিকে ধাওয়া দিলে তিনি একটি বস্তা ফেলে ভারত সীমান্তে পালিয়ে যান।
পরে বস্তার মধ্যে স্কচটেপ দিয়ে প্যাঁচানো সবুজ পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশীয় পিস্তল, গুলি ও এসকাফ সিরাপ জীবননগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
kalprakash.com/IM