ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে তাঁরা এই স্মারকলিপি দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে জমে থাকা পানি, অপরিচ্ছন্ন পরিবেশ, ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা ডেঙ্গুবাহী এডিস মশার প্রজননের ঝুঁকি তৈরি করছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ৫ দফা দাবি জানিয়েছেন তাঁরা। দাবিগুলোর মধ্যে রয়েছে—ক্যাম্পাসের আবাসিক হল, একাডেমিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, ড্রেন নিয়মিত পরিষ্কার করা, মশা নিধনে নিয়মিত স্প্রে প্রয়োগ, ক্যাম্পাসের ঝোপঝাড় পরিষ্কার করা এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু প্রতিরোধমূলক কর্মসূচি গ্রহণ।
kalprakash.com/IM