শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও যুক্তরাজ্যের অক্সফোর্ড কলেজ অব এডুকেশন লিমিটেডের (ওসিই) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের উপস্থিতিতে তাঁর কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন এবং ওসিই-এর পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক ও সিইও জসিম উদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতার আওতায় জবির শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থানযোগ্যতা উন্নয়ন, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন এবং অনলাইন শিক্ষার সুযোগ সম্প্রসারণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে দক্ষতা উন্নয়নমূলক অনলাইন কোর্স, ইংরেজি ভাষা শিক্ষা ও আইইএলটিএস প্রস্তুতিমূলক কর্মসূচি উল্লেখযোগ্য।
এ ছাড়া যোগ্য শিক্ষার্থীরা ওসিই-এর বিভিন্ন শিক্ষামূলক ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। কর্মসূচির ধরন অনুযায়ী ইন্টারঅ্যাকটিভ শিক্ষাসামগ্রী, মূল্যায়ন, প্র্যাকটিস পেপার, মক টেস্ট এবং প্রয়োজনীয় দিকনির্দেশনার ব্যবস্থা থাকবে। নির্ধারিত শর্ত পূরণকারী শিক্ষার্থীদের কোর্স সমাপ্তির সনদও দেওয়া হবে।
চুক্তির শর্ত অনুযায়ী, যোগ্য শিক্ষক-শিক্ষার্থীরা ওসিই-এর নির্ধারিত কোর্সে বিশেষ ছাড় পেতে পারেন। তবে এসব কর্মসূচিতে অংশগ্রহণ সম্পূর্ণ ঐচ্ছিক এবং সংশ্লিষ্ট কোর্সের নির্ধারিত ফি অংশগ্রহণকারীকে বহন করতে হবে।
প্রাথমিকভাবে তিন বছরের জন্য সম্পাদিত এই সমঝোতার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে দুই প্রতিষ্ঠান কাজ করবে।
অনুষ্ঠানে জবির পরিচালক (বহিরাঙ্গণ কার্যক্রম) অধ্যাপক ড. নাছির আহমাদ, ছাত্র হল-১-এর প্রভোস্ট অধ্যাপক ড. মো. ওমর ফারুক, ওসিই-এর বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর ড. আশরাফ আবেদিল এবং উপদেষ্টা ও বাংলাদেশের প্রতিনিধি ড. আবদুল্লাহ আল ফারুকী উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM