দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সারাদেশে নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি বেনাপোলের ঐতিহাসিক বলফিল্ড ময়দান থেকে শুরু হয়ে বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে আন্তর্জাতিক চেকপোস্টে গিয়ে পুনরায় বলফিল্ডে ফিরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলসহ অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন। মিছিলজুড়ে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু, সদস্যসচিব রায়হানুজ্জামান দিপু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্যসচিব সবুজ হোসেন খান, বেনাপোল ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ, সদস্যসচিব ইশতিয়াক আহম্মেদ শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ ও সদস্যসচিব ওমর ফারুখসহ স্থানীয় শীর্ষ নেতারা।
মিছিল শেষে বলফিল্ডে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব মো. ইমদাদুল হক ইমদাদ। বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সারাদেশে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এদের যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করতে রাজপথে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ রয়েছে। সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কঠোর জবাব দেওয়া হবে। গণতন্ত্র ও শান্তির স্বার্থে রাজপথের এই লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সমাবেশে অন্যান্য বক্তারাও আওয়ামী লীগের দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করতে সর্বস্তরের নেতা-কর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
kalprakash.com/IM