চীনের পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপ কর্মসূচির অ্যাম্বাসেডর নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।
আয়োজকদের তথ্য অনুযায়ী, উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে ৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি অংশ নেন। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্য থেকেই অ্যাম্বাসেডর নির্বাচন করা হয়।
প্রতিযোগিতাপূর্ণ এই নির্বাচনে ডা. আউয়াল ১৯ ভোট পেয়ে প্রথম হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকুয়েডরের উপরাষ্ট্রপতির উপদেষ্টা লোরেনা পোন্সে পান ১৭ ভোট। এ ছাড়া জিম্বাবুয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এলবার্ট মাভুঙ্গা ৮ ভোট এবং মালদ্বীপের উপমন্ত্রী আহমেদ আরিম ৫ ভোট পান।
ডা. আউয়াল বাংলাদেশ থেকে এই স্কলারশিপ কর্মসূচিতে প্রতিনিধিত্ব করেন।
নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. আউয়াল বলেন, এই সুযোগ করে দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রিজভী আহমেদের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, তাঁদের আস্থার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। পাশাপাশি অন্যান্য দেশের প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে সহযোগিতার বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছেন বলেও দাবি করেন তিনি।
kalprakash.com/IM