ফিফা আসিয়ান কাপের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধেই দুই গোল হজম করেছে লাল-সবুজের দল।
ম্যাচের ১৮ মিনিটে আরিফের শটে এগিয়ে যায় মালয়েশিয়া। বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে যায়। এরপরও আক্রমণের ধার ধরে রাখে মালয়েশিয়া। ৩৭ মিনিটে দ্বিতীয়বার বাংলাদেশের জালে বল পাঠিয়ে ব্যবধান ২-০ করে তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে মালয়েশিয়া। অন্যদিকে, বাংলাদেশ নিজেদের রক্ষণ সামলে পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করছে। তবে প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি জামাল ভূঁইয়ার দল।
ফিফা র্যাঙ্কিংয়েও দুই দলের মধ্যে বড় ব্যবধান রয়েছে। মালয়েশিয়ার চেয়ে ৪৫ ধাপ পিছিয়ে থেকে ম্যাচে নেমেছে বাংলাদেশ। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে মালয়েশিয়া। দুই দলের সর্বশেষ ১০ দেখায় বাংলাদেশের জয় মাত্র একটি। দুটি ম্যাচ ড্র হলেও সাত ম্যাচে হেরেছে লাল-সবুজের দল।
দীর্ঘ চার বছর পর আবারও মালয়েশিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালে এশিয়ান কাপের বাছাইপর্বে কুয়ালালামপুরে দেখা হয়েছিল দুই দলের। সেই ম্যাচে ৪-১ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ।
এবার নতুন প্রতিযোগিতায় নতুন প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। হামজা চৌধুরী, সমিত শোম ও ফারহানদের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল সাজিয়েছে বাংলাদেশ।
তবে প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ায় এখন ম্যাচে ফিরতে হলে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়াতে হবে জামাল ভূঁইয়াদের। মালয়েশিয়ার রক্ষণ ভেঙে গোল আদায় করে ব্যবধান কমানোই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য।