গাজা ও ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে সমর্থন বা সহায়তার জন্য ইউরোপকে গুরুতর ও দীর্ঘমেয়াদি পরিণতির বিষয়ে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি।
নিউইয়র্কে ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।
আরাঘচি জানান, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসসহ অন্যান্য ইউরোপীয় কর্মকর্তার সঙ্গে বৈঠকে তিনি গাজা ও ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কথিত যুদ্ধাপরাধে সহায়তা ও সমর্থনের গুরুতর ও দীর্ঘমেয়াদি পরিণতি নিয়ে আলোচনা করেছেন।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপের এমন অবস্থান একটি বড় ধরনের ভুল। একই সঙ্গে তিনি ন্যাটোর মহাসচিবের প্রতিও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। আরাঘচির ভাষ্য, ক্ষমতাবানের কাছে মাথা নত করেও তাকে কখনো সন্তুষ্ট করা যায় না। এ বিষয়টি ন্যাটোর মহাসচিবেরও এত দিনে বুঝে যাওয়া উচিত ছিল।
নিউইয়র্কে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই আরাঘচির এ বক্তব্য এল। গাজা যুদ্ধ এবং ইরানকে ঘিরে সামরিক সংঘাতের প্রেক্ষাপটে ইউরোপের ভূমিকা নিয়ে তেহরান ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।
সূত্র: পার্সটুডে
kalprakash.com/IM