ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার বিচার এবং চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে মৌন মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে।
মৌন মিছিল শেষে শিক্ষার্থী ফারহা খানম বলেন, ভাই হারানোর যে শোক, সেই শোক থেকেই তাঁরা প্রতিবাদে নেমেছেন। একই সঙ্গে তাঁদের চার দফা দাবির অগ্রগতি কতদূর, তা নিয়ে প্রশাসনের কাছে প্রশ্ন রাখেন তিনি।
শাহানাজ বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের অপরাধের বয়সজনিত কারণে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্তের তাঁরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, একটি মানুষকে হত্যার মতো গুরুতর অপরাধে জড়িতদের শুধু বয়সের বিবেচনায় শাস্তির আওতার বাইরে রাখার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তিনি এ ধরনের আইনি সীমাবদ্ধতা ও অসংগতি দূর করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিতের দাবি জানান।
মাহিন বলেন, আসামিদের বয়স নিয়ে পুলিশ প্রশাসন দ্বিচারিতা করছে বলে তাঁরা মনে করছেন। তাঁর অভিযোগ, শাস্তি এড়ানোর জন্য আসামিদের বয়স লুকিয়ে সংশোধনাগারে পাঠানো হয়েছে, যার তীব্র নিন্দা জানান তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ ফাঁড়ি নির্মাণসহ চার দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান তিনি।
kalprakash.com/IM