সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি হয়েছে। নতুন পে স্কেল কার্যকরের তারিখ থেকে বকেয়া অর্থ চলতি সেপ্টেম্বর মাসের বেতনের সঙ্গেই পাবেন সরকারি চাকরিজীবীরা।
অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের বরাতে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে। গত ১৭ সেপ্টেম্বর জাতীয় পে স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন পে স্কেল গত ১ জুলাই থেকে কার্যকর গণ্য হবে। গত ৩১ আগস্ট সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল অনুমোদন দেয় সরকার। এতে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন দ্বিগুণ করা হয়েছে। আর নিচের গ্রেডের মূল বেতন বেড়েছে রেকর্ড ১৪২ শতাংশ পর্যন্ত।
অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন পে স্কেল ধাপে ধাপে কার্যকর করা হবে। ধাপগুলো নিচে দেওয়া হলো—
১০ থেকে ২০ গ্রেডের কর্মীদের ক্ষেত্রে
- ১ জুলাই ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬: ৩০ জুন ২০২৬ তারিখে পাওয়া মূল বেতনের সঙ্গে নতুন পে স্কেল ও বিদ্যমান মূল বেতনের পার্থক্যের ৫০ শতাংশ যোগ করে বেতন দেওয়া হবে।
- ১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন ২০২৭: বাড়তি মূল বেতনের ৭৫ শতাংশ দেওয়া হবে।
- ১ জুলাই ২০২৭ থেকে: নতুন পে স্কেলের পুরো ১০০ শতাংশ বেতন এবং নিয়মিত বার্ষিক বেতনবৃদ্ধি (ইনক্রিমেন্ট) কার্যকর হবে।
১ থেকে ৯ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে
- ১ জুলাই ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬: বাড়তি বেতনের ৪০ শতাংশ দেওয়া হবে।
- ১ জানুয়ারি ২০২৭ থেকে: তা বেড়ে ৭০ শতাংশ হবে।
- ১ জুলাই ২০২৭ থেকে: নতুন পে স্কেলের পুরো ১০০ শতাংশ বেতন কার্যকর হবে।
এদিকে অন্যান্য সব ভাতা ৩০ জুন ২০২৬ তারিখে যে হারে দেওয়া হয়েছে, সেই হারেই ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত দেওয়া হবে। নতুন প্রজ্ঞাপনে নির্ধারিত ভাতার হার কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৮ থেকে।
kalprakash.com/IM