জীবাশ্ম জ্বালানিভিত্তিক নতুন প্রকল্পে অর্থায়ন বন্ধ এবং সুন্দরবনসংলগ্ন রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে বাগেরহাটের মোংলায় মানববন্ধন করেছেন পরিবেশ আন্দোলনকারীরা।
শুক্রবার সকালে মোংলা উপজেলার কানাইনগরে পশুর নদীর তীরে এ কর্মসূচির আয়োজন করা হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার ও ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, জেলে ও পরিবেশকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর পাশাপাশি পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে। উপকূলীয় এলাকায় পরিবেশগত ঝুঁকি তৈরি করতে পারে—এমন প্রকল্প নেওয়ার আগে স্থানীয় জনগোষ্ঠী ও পরিবেশের ওপর এর প্রভাব বিবেচনায় নেওয়ার দাবি জানান তারা।
ধরার নেত্রী অসীমা মন্ডল ও বৃষ্টি সরকার বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র চালুর পর সুন্দরবন ও আশপাশের এলাকার পরিবেশ নিয়ে স্থানীয় মানুষের উদ্বেগ বেড়েছে। পশুর রিভার ওয়াটারকিপারের সংগঠক রেশমা খাতুন এবং জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার নদীর পানি ও মৎস্যসম্পদ নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন।
ওয়াটারকিপার্স বাংলাদেশের মেহেদী হাসানসহ অন্য বক্তারা বলেন, জ্বালানি নিরাপত্তার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
মানববন্ধন থেকে নতুন জীবাশ্ম জ্বালানি প্রকল্পে অর্থায়ন বন্ধ, রামপাল বিদ্যুৎকেন্দ্র পুনর্বিবেচনা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়। দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার কথাও জানান আয়োজকরা।
kalprakash.com/IM