ডেঙ্গু সংক্রমণ কার্যকরভাবে প্রতিরোধ করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয় একযোগে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার রাজধানীর কারওয়ান বাজারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ডেঙ্গুতে মৃত্যু আগেও ছিল, এখনও রয়েছে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবার ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে কম। সামনের দিনগুলোতে এই সংখ্যা যেন আর না বাড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আধুনিক প্রযুক্তি ডেঙ্গু নিয়ন্ত্রণে এককভাবে যথেষ্ট নয় মন্তব্য করে তিনি বলেন, প্রযুক্তি সহায়ক ভূমিকা পালন করতে পারে, কিন্তু ডেঙ্গু প্রতিরোধে মূল শক্তি হলো জনসচেতনতা। প্রতিটি নাগরিককে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন হতে হবে।
এডিস মশার বংশবৃদ্ধি ও বিস্তারের উৎসগুলো চিহ্নিত করে অতীতের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন স্থানীয় সরকারমন্ত্রী।
আলোচনা শেষে মশক নিধন কার্যক্রম গতিশীল করতে বিভাগীয় পর্যায়ে ব্যবহারের জন্য ১০০টি ফগার মেশিন বিতরণ করেন ড. আবদুল মঈন খান।
kalprakash.com/IM