সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ‘লালপরী’র উষ্ণ আলোচনা। সম্প্রতি লালপরী রূপে হাজির হয়ে নেটিজেন ও ভক্তদের নজর কেড়েছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ‘লালপরী অ্যান্ড দ্য রেড কার’ নামের একটি নাটকে এই চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে রয়েছেন ফররুখ আহমেদ রেহান। নাটকটি পরিচালনা করেছেন জোবায়ের আবির পিয়াল। সম্প্রতি নাটকটির পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন স্পর্শিয়া।
দর্শকের এমন সমাদরে মুগ্ধ স্পর্শিয়া বলেন, ‘সবার সাড়া দেখে ভীষণ ভালো লাগছে। অনেক কষ্ট করে আমরা একটি কাজ করি, তাই ইতিবাচক প্রতিক্রিয়া পেলে মন ভরে যায়। আমি মনে করি, এই ভালোবাসা প্রতিটি শিল্পীর প্রাপ্য।’ প্রকাশ পাওয়া টিজারে কিছুটা ভৌতিক আবহ লক্ষ্য করা গেছে। এ প্রসঙ্গে রহস্য রেখে অভিনেত্রী বলেন, ‘গল্পে সেরকম চমক থাকতেও পারে। দেশে নতুন কিছু একটা হতে যাচ্ছে।’
এদিকে ‘লালপরী’ হয়ে আলোচনায় আসার পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের স্পর্শ অধ্যায় শেষ হতে চলায় মন খারাপ অভিনেত্রীর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট শেষ হয়ে যাবে ভাবলেই মন খারাপ হয়। প্রায় এক বছর ধরে কাজটি করেছি, দারুণ সময় কেটেছে। সম্প্রতি পরিচালক কাজল আরেফিন অমি ধারাবাহিকটি শেষের ইঙ্গিত দেওয়ার পর থেকেই খারাপ লাগা কাজ করছে। একসঙ্গে শুটিং, আড্ডা আর স্মৃতিগুলো খুব মনে পড়বে।’
এই ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘ বিরতির পর দর্শক তৌসিফ মাহবুব ও স্পর্শিয়াকে একসঙ্গে পর্দায় দেখার সুযোগ পেয়েছেন। নাটকটির জনপ্রিয়তার কারণে অনেক অনুরাগী পর্দার বাইরেও তাদের নিয়ে নানা মন্তব্য করছেন। তবে এমন আলোচনায় স্পষ্ট অবস্থান জানিয়ে স্পর্শিয়া বলেন, ‘আমরা দুজনই বিবাহিত। অতএব আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্কের সুযোগ নেই এবং সেটা উচিতও হবে না। আমরা দুজনই আমাদের পরিবারের প্রতি দায়বদ্ধ।’
তবে দর্শকদের এই ভালোবাসাকে নেতিবাচকভাবে দেখছেন না তিনি। অভিনেত্রী বলেন, ‘পর্দার জুটিকে পছন্দ করলে দর্শকরা ভালোবাসার জায়গা থেকেই এমন মন্তব্য করেন। তাই আমি বিষয়টিকে ইতিবাচকভাবেই গ্রহণ করি।’
বর্তমানে নতুন কিছু কাজের প্রস্তুতি ও প্রি-প্রোডাকশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন স্পর্শিয়া। এছাড়া তার অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মানুষের বাগান’ প্রদর্শিত হতে যাচ্ছে কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, যেখানে সরাসরি অংশ নেবেন অভিনেত্রী।
kalprakash.com/IM