বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বৈধ অনুমোদন ছাড়া সড়ক ও মহাসড়কে কোনো স্লিপার বাস চলাচল করতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিকদের করা একটি রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে স্লিপার কোচ পরিচালনার অনুমতি চেয়ে আবেদন করা হয়। আবেদনের ওপর শুনানি শেষে উচ্চ আদালত তা খারিজের আদেশ দেন।
আদেশে আদালত পর্যবেক্ষণ দিয়ে বলেন, বিআরটিএর সুস্পষ্ট অনুমোদন নেই এমন কোনো যানবাহন সড়ক বা মহাসড়কে চলাচল করতে পারবে না। সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী নির্ধারিত বিধি ও নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে মেনেই কেবল স্লিপার বাস পরিচালনা করতে হবে।
আদালতের এই আদেশের ফলে বিআরটিএর আনুষ্ঠানিক অনুমোদন ও ফিটনেস সনদ ব্যতীত মহাসড়কে স্লিপার বাস চলাচলের আর কোনো আইনি সুযোগ থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
kalprakash.com/IM