পাইপলাইন স্থানান্তর ও নতুন ভাল্ভ স্থাপনের জরুরি কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নয়টি এলাকায় টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।
তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় আবাসিক ও বাণিজ্যিক—উভয় শ্রেণির গ্রাহকই গ্যাস সংযোগ সুবিধার বাইরে থাকবেন।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে নতুন ভাল্ভ স্থাপনের পাশাপাশি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতাধীন বিতরণ পাইপলাইন স্থানান্তরের জরুরি টাই-ইন কার্যক্রম সম্পন্ন করা হবে। এই উন্নয়নমূলক কাজের স্বার্থেই নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্যাস সংযোগ পুরোপুরি বন্ধ থাকার পাশাপাশি আশপাশের পার্শ্ববর্তী এলাকাগুলোতেও সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ (লো-প্রেসার) বিরাজ করতে পারে। গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে সরবরাহ স্বাভাবিক করার প্রত্যয় ব্যক্ত করেছে।
kalprakash.com/IM