ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নে গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভা ও সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজা বাজারে ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে স্থানীয় বাসিন্দাদের প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য এলাকায় মাইকিং করে প্রচার চালানো হয়।
অনুষ্ঠানে সাধারণ জনগণকে গ্রাম আদালতের কার্যকারিতা, পরিধি, বিচারিক ক্ষমতা, বিচারপ্রার্থীদের জন্য সুযোগ-সুবিধা এবং সহজে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। একই সঙ্গে কীভাবে স্থানীয় বিরোধ সহজে ও স্বল্প খরচে আদালতের বাইরে নিষ্পত্তি করা যায় এবং গ্রামীণ জীবনে এর ইতিবাচক প্রভাব কী, ভিডিওচিত্রের মাধ্যমে তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তার গ্রাম আদালত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় ইউপি সদস্য মেরি আকতারসহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রাশেদা আক্তার গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। এ ছাড়া দর্শকদের মধ্য থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি হামিদুল ইসলাম ও শিক্ষক মো. মামুন ইসলাম বক্তব্য দেন।
প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তার তাঁর বক্তব্যে বলেন, স্থানীয় পর্যায়ে সৃষ্ট যেকোনো বিরোধ গ্রাম আদালতের মাধ্যমেই নিয়মতান্ত্রিকভাবে মীমাংসা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি সাধারণ মানুষকে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনীতে স্থানীয় প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী ১০ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
kalprakash.com/IM