দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎসের সন্ধান করছে সরকার। প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে কার্যকর উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তৈরি পোশাক খাতের পাশাপাশি পাট ও পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ চলছে।
গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছরের অত্যাচার-অনাচার পেরিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ ফিরে এসেছে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করবেন।
বিনিয়োগের পরিবেশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের জন্য ডিজিটাল সেবার পরিধি আরও সম্প্রসারণ করা হচ্ছে, যাতে কোম্পানি নিবন্ধনসহ ব্যবসা সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় কার্যক্রম অনলাইনে সহজে ও দ্রুত সম্পন্ন করা যায়। সরকার এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চায়, যেখানে বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি প্রবাসে বসবাসরত বাংলাদেশিরাও কোনো রকম দ্বিধা ছাড়াই দেশে বিনিয়োগে উৎসাহিত হন।
অর্থনৈতিক চ্যালেঞ্জ তুলে ধরে তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকার একটি অত্যন্ত ভঙ্গুর অর্থনীতি ও বিপর্যস্ত ব্যাংকিং খাত পেয়েছে। সেই কঠিন পরিস্থিতি থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করে সঠিক পথে ফিরিয়ে আনতে সরকার সর্বাত্মক কাজ করছে। ব্যাংকিং খাতকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার পাশাপাশি দেশে বাস্তবসম্মত বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানালেই হবে না, তাঁদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
kalprakash.com/IM