রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো ধরনের হকার বসতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। সময় থাকতেই হকারদের সড়ক থেকে স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
হকারদের বিকল্প কর্মসংস্থানের পরিকল্পনার কথা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক জানান, মতিঝিল বাণিজ্যিক এলাকায় অফিস সময়ের পর বিকেল ৪টা থেকে ‘নাইট মার্কেট’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। হকাররা নির্দিষ্ট নিয়ম ও পরিচ্ছন্নতা বজায় রেখে সেখানে ব্যবসা পরিচালনা করতে পারবেন।
তিনি বলেন, সপ্তাহে সাত দিন সব রাস্তায় হকারদের বসতে দেওয়া সম্ভব নয়, এটি সবাইকে মেনে নিতে হবে। নির্দিষ্ট নিয়মকানুন মেনে এবং পরিবেশ পরিচ্ছন্ন রেখেই তাদের নির্ধারিত স্থানে বসতে হবে।
পরিবেশ রক্ষার বিষয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে নগরে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। পর্যায়ক্রমে ঢাকার সব ফ্লাইওভারের নিচের ফাঁকা স্থানেও সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় গাছ লাগানো হবে।
একই সঙ্গে যত্রতত্র আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলার জন্য ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদের প্রতি কঠোর সতর্কবার্তা দেন তিনি।
kalprakash.com/IM