সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নাটোর জেলা আওয়ামী যুবলীগের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রনেতা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক এস এম জাকারিয়া বুলবুল।
১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত ৭৬ সদস্যের নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। ওই কমিটিতে সদস্য হিসেবে এস এম জাকারিয়া বুলবুলের নাম অন্তর্ভুক্ত ছিল।
এর পরিপ্রেক্ষিতে জাকারিয়া বুলবুল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে জানান, তিনি আনুষ্ঠানিকভাবে নাটোর জেলা যুবলীগের সদ্য প্রকাশিত আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করছেন।
পদত্যাগের ঘোষণায় তিনি উল্লেখ করেন, কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত না করার জন্য তিনি আগেই আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় যুবলীগকে অবহিত করেছিলেন। তবে বিষয়টি আমলে না নিয়েই কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরও লেখেন, বর্তমান পরিস্থিতিতেও আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠনের জেলা ইউনিটের কমিটিতে এমন দেউলিয়াত্ব ও কদর্যতা দলের অভ্যন্তরীণ সংকটের বিষয়টি সামনে আনে। একই সঙ্গে কেন্দ্রীয় যুবলীগের প্রতি বিরক্তি প্রকাশ করে তিনি অবিলম্বে তার নাম বাদ দিয়ে সংশোধিত কমিটি প্রকাশের অনুরোধ জানান।
এ বিষয়ে কেন্দ্রীয় যুবলীগের দাপ্তরিক ই-মেইলে দ্রুত লিখিত চিঠি পাঠাবেন বলেও জানান তিনি।
পদত্যাগের ঘোষণায় তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বলেন, দলের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা এবং দলকে প্রস্তুত ও পুনর্গঠনের ক্ষেত্রে নাটোর জেলা যুবলীগের এই কমিটি একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি হতে পারে।
তবে আওয়ামী লীগকে গণমানুষের দল হিসেবে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে দলের রাজনৈতিক ও সামাজিক সর্বজনীনতা এবং কর্মীবান্ধব রূপ আরও সুপ্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে দেশ, দল এবং শেখ হাসিনার প্রতি নিজের অবিচল আনুগত্য ও নিবেদিত থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি।
পোস্টের শেষে তিনি লেখেন, ‘সবার জন্য ভালোবাসা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
এদিকে জাকারিয়া বুলবুলের পদত্যাগের বিষয়ে কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
kalprakash.com/IM